ডিজে পার্টি ও মাদকসেবনের অভিযোগে ডিআইজির ভাড়া বাসা থেকে আটক ৮৪

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হাউজিং-১ এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে রাতভর ডিজে পার্টির আয়োজন, মাদকসেবন ও মাদকের কারবার চলার অভিযোগ রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ছাড়া কনডমও উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির জানান, বাড়িটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হতো। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।
ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
