জীবন শৈলী

অস্ট্রেলিয়ায় মাকড়সার আকৃতির রহস্যময় গর্ত

২০ অক্টোবর, ২০২৬ এ ৯:১২ PM
অস্ট্রেলিয়ায় মাকড়সার আকৃতির রহস্যময় গর্ত

২৪ঘণ্টা অনলাইন : পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে মাকড়সার মতো দেখতে এক অদ্ভুত ভূমিরূপের ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘স্পাইডার ক্রেটার’ নামের এই বিশাল গর্তটি প্রাচীন এক উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছিল বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর নাসা ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার যৌথ উপগ্রহ ল্যান্ডস্যাট-৯-এর মাধ্যমে গর্তটির ছবি ধারণ করা হয়। ডিম্বাকৃতির এই গর্তটি প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ ও ১১ কিলোমিটার প্রশস্ত। এর কেন্দ্রে থাকা মাকড়সার মতো অংশটির বিস্তৃতি প্রায় ৪ কিলোমিটার।

ভূতত্ত্ববিদদের ধারণা, উল্কাপিণ্ডের প্রচণ্ড আঘাতে গর্তের তলদেশের পাথর ওপরের দিকে উঠে এসে মাঝখানে উঁচু অংশ তৈরি করে। পরে দীর্ঘ সময় ধরে প্রাকৃতিক ক্ষয়ের ফলে সেখানকার ভূমিরূপ মাকড়সার মতো আকৃতি পায়।

গর্তের চারপাশে মাকড়সার পায়ের মতো ছড়িয়ে থাকা হালকা রঙের রেখাগুলো মূলত বেলেপাথরের শক্ত শিরা। আশপাশের অপেক্ষাকৃত দুর্বল পাথর ক্ষয়ে গেলেও শক্ত অংশগুলো টিকে থাকায় এমন অদ্ভুত নকশা তৈরি হয়েছে।

স্পাইডার ক্রেটারের উৎপত্তি নিয়ে কয়েক দশক ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। প্রথম দিকে এটিকে আগ্নেয়গিরির কার্যকলাপের ফল বলে মনে করা হলেও পরবর্তী গবেষণায় উল্কাপিণ্ডের আঘাতের পক্ষে প্রমাণ পাওয়া যায়।

গর্তের কেন্দ্রীয় অংশে ‘শ্যাটার কোন’ নামে পরিচিত বিশেষ ধরনের ফাটল পাওয়া গেছে। প্রবল আঘাতের ফলে পাথরের ভেতরে তীব্র চাপ সৃষ্টি হলে এ ধরনের ফাটল তৈরি হয়। এ ছাড়া বেলেপাথরের মধ্যে আঘাতের ফলে পরিবর্তিত কোয়ার্টজ ও জিরকন স্ফটিক নিয়েও গবেষণা করছেন বিজ্ঞানীরা।

তবে উল্কাপিণ্ডটি ঠিক কত বছর আগে সেখানে আঘাত হেনেছিল, তা এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। খনিজ বিশ্লেষণ ও ভূতাত্ত্বিক গবেষণার মাধ্যমে এ রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।.

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram