সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী

২৪ঘণ্টা অনলাইন : সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬। শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিভিন্ন ক্ষেত্রে অর্জনের স্বীকৃতি হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৫ জুন অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি (প্রাক্তন) ফাদার ডনেল স্টিফেন ক্রুশ, সি এস সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক থানা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফারহানা শাহীন লিপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা, আর এন ডি এম।
শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিজ্ঞান মেলা, আইটি মেলা, দেয়ালিকা ও হস্তশিল্প প্রদর্শনীর পাশাপাশি ছড়া গান, বাংলা আবৃত্তি, ইংরেজি আবৃত্তি, গল্প বলা ও সাধারণ নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউফ্রেজী ডে ও আর্ন্তজাতীক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬-এর বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সৃজনশীল চর্চায় আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ও বড় সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনায় মুখরিত হয়ে ওঠেছিল পুরো অনুষ্ঠানস্থল। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মুগ্ধ করে।
উল্লেখ্য, পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯১২ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি প্রথমে ইংরেজি মাধ্যম হিসেবে যাত্রা শুরু করলেও স্বাধীনতার পর বাংলা মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সংস্কৃতি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি কলেজ শাখা পরিচালনার অনুমোদন লাভ করে।
