পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার ওঠানো-নামানোর কাজে নতুন রেকর্ড গড়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ এবং ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করেছে।
বন্দর ও টার্মিনাল সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএমের জাহাজ ‘এমভি আমুরো’ পরিচালনার সময় এ রেকর্ড হয়। মাত্র ২১ ঘণ্টায় জাহাজটি থেকে মোট ১ হাজার ৫২৪টি কনটেইনার খালাস ও বোঝাই করা হয়, যা প্রায় ২ হাজার ৫৭১ টিইইউর সমান।
টার্মিনালে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন চালুর পর এটিই সর্বোচ্চ উৎপাদনশীলতার রেকর্ড বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ঘণ্টায় ৫৮ মুভ ও ৮২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছিল প্রতিষ্ঠানটি। এক মাসের ব্যবধানে সেই সক্ষমতা আরও বেড়েছে।
এমভি আমুরো পরিচালনায় দক্ষতার জন্য আরএসজিটি বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেছে সিএমএ সিজিএম কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মতে, এ অর্জন আন্তর্জাতিক মানের কনটেইনার টার্মিনাল পরিচালনায় তাদের সক্ষমতার প্রতিফলন।
আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নাবিল ইউসুফ বলেন, সংশ্লিষ্ট সব অংশীজনের আস্থা ও বিশ্বাসকে তাঁরা গুরুত্ব দেন। পরিচালন দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং বন্দরের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে তাদের।
