আন্তর্জাতিক

সৌদি আরবের আকাশসীমা সুরক্ষায় টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

২০ অক্টোবর, ২০২৬ এ ৯:২৯ PM
সৌদি আরবের আকাশসীমা সুরক্ষায় টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় সৌদি আরবে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

২০ অক্টোবর ব্রিটিশ সরকার এ ঘোষণা দেয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় প্রতিরক্ষামূলক আকাশ অভিযান পরিচালনা করবে।

গত দুই মাসে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তেল স্থাপনা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে থেকেই সৌদি আরবকে আকাশে জ্বালানি সরবরাহ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন করে মোতায়েন করা যুদ্ধবিমানগুলো হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কাজে ব্যবহার করা হবে। এসব বিমান দিয়ে ইয়েমেনে হামলা চালানো হবে না বলেও জানিয়েছে ব্রিটিশ সরকার।

গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ে। ওই সময় ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হামলা চালায়। বিমানবন্দরে ইরান থেকে আসা একটি বিমান অবস্থান করছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ঘটনার পর সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচল এবং দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করার হুমকি দেয় হুথিরা।

হুথিদের দাবি, সৌদি আরবকে তাদের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা বাড়তে থাকে।

এদিকে, ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের লড়াইও অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘাত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram