জাতীয়

পৃথক কর্মসূচিতে আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

২০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৩ AM
পৃথক কর্মসূচিতে আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

২৪ঘণ্টা অনলাইন : পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। পরে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি। রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অন্যদিকে, সকাল ১০টার দিকে নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ডা. শফিকুর রহমান।

দুই নেতার সফর ঘিরে চট্টগ্রাম নগর ও জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, র‍্যাব, বিশেষ নিরাপত্তা বাহিনী, আনসার ও বিজিবিসহ ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ও পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হুমকি নেই বলেও জানান তিনি।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram