রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী অয়ন মুখার্জি

২৪ঘণ্টা অনলাইন : দুর্গাপূজার উৎসবে মেতে উঠেছে বলিউড। মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে এবার তাঁর সঙ্গে ছিলেন না স্বামী রণবীর কাপুর। আলিয়ার সঙ্গী ছিলেন পরিচালক অয়ন মুখার্জি।
১৯ অক্টোবর মুম্বাইয়ের এই পূজামণ্ডপে যান আলিয়া। এদিন তাঁর পরনে ছিল ম্যাজেন্টা গোলাপি শাড়ি ও ফিরোজা রঙের ব্লাউজ। ঐতিহ্যবাহী সাজে অভিনেত্রীকে দেখতে সেখানে ভিড় করেন ভক্তরা। অনেকে তাঁর সঙ্গে সেলফিও তোলেন। হাসিমুখে ভক্তদের আবদার পূরণ করেন আলিয়া।
রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্বের সূত্র ধরেই এবার অয়নের সঙ্গে দুর্গাপূজা দেখতে যান আলিয়া। এর আগে শনিবার একই মণ্ডপে পূজা দেখতে গিয়েছিলেন রণবীর কাপুর।
নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার সঙ্গে মুখার্জি পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ১৯৪৮ সালে চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি পরিবারের অন্য সদস্যদের নিয়ে এই পূজার আয়োজন শুরু করেন। বর্তমানে এটি মুম্বাইয়ের অন্যতম আলোচিত দুর্গাপূজা। প্রতিবছর এখানে কাজল ও রানি মুখার্জিসহ বলিউডের অনেক তারকাকে দেখা যায়।
এদিকে, অয়ন মুখার্জির পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-এও রণবীর ও আলিয়ার অভিনয়ের কথা রয়েছে। তবে সিনেমাটির মুক্তির সময় এখনো জানা যায়নি। অন্যদিকে, তাঁদের বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।
