জাতীয়

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময়

১০ মে, ২০২৫ এ ১০:৫৭ PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময়

২৪ঘণ্টা অনলাইন : সমসাময়িক রাজনৈতিক বিষয়, জুলাই সনদের আইনি ভিত্তি ও আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীচর থানায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দীন মাহদি ও সংগঠক সানাউল্লাহ খান। রোববার (৫ অক্টোবর) বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও শিক্ষা-দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী প্রমুখ। বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিত বিষয়ে দু’দলের মধ্যে ঐকমত্য হয়। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার রক্ষায় যেকোনো আধিপত্যের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয় বলে বিবৃতিতে জানানো হয়।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময় | ২৪ঘণ্টা