১০ মাস পর ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘ ১০ মাসের বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো।
২৫ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশে ফেরার খবর নিশ্চিত করেন তিনি। পোস্টে মাচাদো লেখেন, ‘আমি এখানে। আপনাদের সঙ্গে।’
মাচাদোর মিত্র ও বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গনজালেসও তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাচাদোর প্রত্যাবর্তন ভেনেজুয়েলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। দেশের স্বাধীনতার পথে এগিয়ে যেতে তিনি মাচাদোর সঙ্গে কাজ করার আশাও প্রকাশ করেন।
২০২৫ সালের শেষ দিকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গোপনে ভেনেজুয়েলা ছাড়ার পর থেকে নির্বাসনে ছিলেন মাচাদো। তাঁর এক সহযোগীর দাবি, দেশে ফেরার জন্য সাতবার চেষ্টা করলেও প্রতিবারই কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি।
এদিকে, মাচাদো নরওয়েতে নোবেল পুরস্কার গ্রহণ করতে যাওয়ার পর ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তাঁকে ফৌজদারি অভিযোগের বিচারের জন্য নিউইয়র্কে নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাদুরোকে আটক করার অভিযানের প্রশংসা করেছিলেন মাচাদো। তবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বে মাচাদোর পরিবর্তে মাদুরোর ডেপুটি ডেলসি রদ্রিগেজকে সমর্থন দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মাচাদোর দেশে ফেরার ঘটনা ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
