জাতীয়

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯ PM
স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন : পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ২৬ অক্টোবর শুরু হওয়া এ সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সফরের প্রথম পর্বে স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ‘দৃঢ়তর অংশীদারি, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) এ এক্সপোর আয়োজন করেছে।

এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সফরকালে স্পেনের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ ইসলাম। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন তিনি। সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সুযোগ অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।

যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আন্তর্জাতিক প্রচার এবং বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram