জাতীয়

তাসনিম জারার প্রশ্ন, ‘ক্ষমতায় গেলে কী করবেন?’

২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:২৪ AM
তাসনিম জারার প্রশ্ন, ‘ক্ষমতায় গেলে কী করবেন?’

২৪ঘণ্টা অনলাইন : পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে সৃষ্ট বিরোধের ঘটনায় জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। বিরোধীদলে থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেছেন, রাষ্ট্রের সব ক্ষমতা তাদের হাতে গেলে কী করবেন?

২৬ অক্টোবর সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তাসনিম জারা।

পোস্টে তিনি উল্লেখ করেন, গত শনিবার সকালে ৮৭ বছর বয়সী মানিক পশারীর মৃত্যু হয়। এরপর তাঁর দাফন নিয়ে জটিলতা তৈরি হয়। তাসনিম জারার দাবি, স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাঁকে পিরোজপুরে দাফন করতে না দেওয়ার ঘোষণা দেন। এমনকি পরিবারের পক্ষ থেকে খোঁড়া একটি কবরও ভরাট করে দেওয়া হয় বলে মানিক পশারীর মেয়ে সীমু আক্তারের বরাতে উল্লেখ করেন তিনি।

তাসনিম জারা লেখেন, পরিস্থিতির কারণে পরিবারের সদস্যদেরই নতুন করে কবর খুঁড়তে হয়। পরে রাত পেরিয়ে পুলিশি পাহারায় মানিক পশারীকে দাফন করা হয়।

তাঁর ভাষ্য অনুযায়ী, মানিক পশারী সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তবে স্থানীয় জামায়াতের এক নেতা তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে গার্ড অব অনার ও পিরোজপুরে দাফনের বিরোধিতা করেছিলেন বলে পোস্টে উল্লেখ করেন তাসনিম জারা।

তিনি বলেন, কেউ মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে প্রশ্ন তুলতে চাইলে তা যাচাইয়ের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আদালত রয়েছে। কিন্তু দাফনে বাধা দিয়ে এমন বিরোধের নিষ্পত্তি করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা আরও লেখেন, মৃত্যুর পর একজন মানুষের জানাজা ও দাফন নিয়ে তাঁর পরিবারকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। নিজের বাড়ির পারিবারিক কবরস্থানে একজন মানুষ দাফন হবেন কি না, সেই সিদ্ধান্ত অন্য কেউ চাপিয়ে দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের ন্যায়বিচার, মানবাধিকার ও মানবিক মর্যাদার বক্তব্যের সঙ্গে এ ঘটনার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির সাবেক এই নেত্রী। তাঁর মতে, বিরোধীদলে থাকতেই যদি কাউকে নিজের বসতভিটায় দাফন করতে বাধা দেওয়া হয়, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে গেলে পরিস্থিতি কী হবে—সেই প্রশ্ন থেকেই যায়।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram