মস্কো জয় করে এবার দর্শকের সামনে ‘মাস্তুল’

২৪ঘণ্টা অনলাইন: আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা ও পুরস্কার অর্জনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের চলচ্চিত্র ‘মাস্তুল’। আগামী ১৭ জুলাই ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
মুক্তিকে সামনে রেখে ১৭ জুন প্রকাশ করা হয়েছে ছবিটির অফিসিয়াল পোস্টার। পোস্টারটির নকশা করেছেন খ্যাতিমান শিল্পী ধ্রুব এষ।
নির্মাতা জানান, চলতি বছরের শুরুতেই ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমোদন আগেই নেওয়া হয়েছিল।
পোস্টার প্রকাশের পর দর্শকদের উদ্দেশে নূরুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীর থেকে শুরু হওয়া এই যাত্রা বিশ্বের নানা প্রান্ত ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে পৌঁছেছে। খুব শিগগিরই দর্শক জাহাজ, নদী ও মানুষের জীবনের আড়ালে লুকিয়ে থাকা এক অচেনা জগতের মুখোমুখি হবেন।”
চলচ্চিত্রটির গল্প একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে নদী ও বন্দরের ভাসমান মানুষের জীবন, নিঃসঙ্গতা, মমত্ববোধ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যা।
উল্লেখ্য, ‘মাস্তুল’ ৪৭তম মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর মূল প্রতিযোগিতা বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার অর্জন করে। এছাড়াও বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে ছবিটি।
চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় রয়েছেন হুসনাইন লিঙ্কন এবং সংগীত পরিচালনা করেছেন চৈতন্য রাজবংশী। প্রযোজনায় রয়েছে সিনেমাকার, আর ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় সহযোগিতা করছে টঙঘর টকিজ।
