গেমে আসছে ‘দ্য কনজ্যুরিং’, অক্টোবরে মুক্তির পরিকল্পনা

২৪ঘণ্টা অনলাইন : জনপ্রিয় ভৌতিক সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘দ্য কনজ্যুরিং’ এবার আসছে ভিডিও গেমে। ‘দ্য কনজ্যুরিং: আনস্পোকেন’ নামের গেমটি হ্যালোইন মৌসুমকে সামনে রেখে আগামী অক্টোবরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গেমটিতে খেলোয়াড়দের মুখোমুখি হতে হবে অশুভ শক্তির। পাশাপাশি উন্মোচন করতে হবে নানা ভৌতিক রহস্য। এর কাহিনি আবর্তিত হয়েছে শোকাহত একটি পরিবার এবং ‘রেড লায়ন ইন’ নামের রহস্যময় এক সরাইখানাকে ঘিরে।
সরাইখানায় ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলোর তদন্ত করতে হবে খেলোয়াড়দের। খুঁজে বের করতে হবে বিভিন্ন ভৌতিক সংকেত এবং রহস্যের পেছনের কারণ।
নেটফ্লিক্স জানিয়েছে, এটি একটি ক্লাউড গেম। টেলিভিশনেও সরাসরি গেমটি খেলার সুযোগ থাকবে। তবে গেমটি খেলার পদ্ধতি ও নির্দিষ্ট মুক্তির তারিখ সম্পর্কে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।
২০১৩ সালে প্রথম ‘দ্য কনজ্যুরিং’ সিনেমার মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। পরে ‘অ্যানাবেল’ ও ‘দ্য নান’-এর মতো সিনেমার মাধ্যমে এর পরিধি আরও বিস্তৃত হয়।
এর আগে ‘ফোর্টনাইট’-এর মতো গেমে কনজ্যুরিং-সম্পর্কিত কিছু অভিজ্ঞতা পাওয়া গেলেও, ‘দ্য কনজ্যুরিং: আনস্পোকেন’ ফ্র্যাঞ্চাইজিটিকে কেন্দ্র করে নির্মিত প্রথম স্বতন্ত্র ভিডিও গেম হিসেবে আসছে। ভৌতিক গেমপ্রেমীদের মধ্যে এটি নতুন আগ্রহ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
