২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

২৪ঘণ্টা অনলাইন : বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে জাপানকে পেছনে ফেলতে পারে ভারত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে এই অবস্থান অর্জন করতে পারে দক্ষিণ এশিয়ার দেশটি।
আইএমএফের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সালেও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে অবস্থান ধরে রাখবে জাপান। তবে ২০২৭ সালে ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে ৪ লাখ ৫২ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে। এর ফলে জাপান নেমে যেতে পারে ষষ্ঠ অবস্থানে।
বিশ্ব অর্থনীতিতে নানা প্রতিকূলতা থাকলেও গত কয়েক বছরে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছে ভারত। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করেছে আইএমএফ।
আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশের সময় সংস্থাটির এশিয়াবিষয়ক পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে সৃষ্ট জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা ভারত শক্তিশালী অবস্থান থেকে মোকাবিলা করেছে।
তিনি বলেন, শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব শৃঙ্খলা এবং পর্যাপ্ত সঞ্চিত তহবিলের কারণে ভারত অর্থনৈতিক সংকট ভালোভাবে সামাল দিতে পেরেছে।
অন্যদিকে, জাপানের অর্থনীতি নানা কাঠামোগত সমস্যার মুখে রয়েছে। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ০.৭ শতাংশে দাঁড়াতে পারে। ইয়েনের দুর্বলতা আমদানি ব্যয় বাড়াচ্ছে, যা দেশটির অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করছে।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ থেকে জাপান কিছুটা সুবিধা পেলেও জনসংখ্যাগত সংকট ও অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জ দেশটির প্রবৃদ্ধির পথে বাধা হয়ে রয়েছে।
আইএমএফের এই পূর্বাভাস বাস্তবায়িত হলে বৈশ্বিক অর্থনীতিতে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। তবে এটি এখনো একটি পূর্বাভাস; চূড়ান্ত অবস্থান নির্ভর করবে ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিস্থিতির ওপর।
