২৪ঘন্টা অনলাইন: শখ করে বাড়িতে সাজিয়ে রেখেছিলেন মানুষের আদলে তৈরি একটি ম্যানিকুইন। নামও দিয়েছিলেন ‘ফিওনা’। কিন্তু সময়ের সঙ্গে সেই ম্যানিকুইনই হয়ে ওঠে অস্বস্তির কারণ। নিজের বাড়িতে রহস্যময় কিছু ঘটছে—এমন অনুভূতি থেকে শেষ পর্যন্ত সেটি খুলে ফেলার সিদ্ধান্ত নেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যে এমন কিছু অনুভব করতেন, যা স্বাভাবিক বলে মনে হতো না। বিশেষ করে বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার ম্যানিকুইনটিকে ঘিরেই তৈরি হয়েছিল তার অস্বস্তি।
শ্রুতি জানান, ম্যানিকুইনটির নাম রেখেছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গার অভাবে সেটির গায়ে অতিরিক্ত পোশাকও পরিয়ে রাখতেন। বন্ধুরা বাড়িতে এলে সেটিকে নিয়ে হাসি-ঠাট্টাও করতেন। কিন্তু একসময় তার মনে হতে থাকে, ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা পরিবর্তন করছে। বিষয়টি তাকে এতটাই অস্বস্তিতে ফেলে যে শেষ পর্যন্ত সেটি খুলে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
তবে সেখানেই শেষ হয়নি তার অস্বস্তি। বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে ধর্মীয় আচার পালনের পথ বেছে নেন অভিনেত্রী। নিয়মিত হনুমান চালিসা শুনতেন। পাশাপাশি হাতে লবণ নিয়ে কিছু আচারও পালন করেন। একপর্যায়ে পুরো বাড়িটি বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেন তিনি। শ্রুতির দাবি, এসব পদক্ষেপের পর থেকে বাড়ির পরিবেশ আগের তুলনায় শান্ত রয়েছে।
সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়েও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার বিশ্বাসের জায়গায় কিছুটা পার্থক্য রয়েছে। পরিবারের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বেড়ে উঠেছেন, যেখানে ধর্মীয় আচার কিংবা ঈশ্বরের উপাসনার তেমন প্রচলন ছিল না।
বাবা ও বর্ষীয়ান অভিনেতা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নিজের অবস্থান যে আলাদা, সেটিও স্পষ্ট করেছেন শ্রুতি।
অভিনেত্রীর এই অভিজ্ঞতা প্রকাশ্যে আসার পর তার বাড়ির ম্যানিকুইনকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। যদিও ম্যানিকুইনটির স্থান পরিবর্তনের পেছনে কোনো রহস্যময় কারণ ছিল কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।



