২৪ঘন্টা ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক উত্তেজনার খবর পাওয়া গেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, নৌ-মাইনের বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর দুই মিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার ডুবে গেছে।
রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে অনুমোদনহীন রুট দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজ দুটিতে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে দুই মিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায়।
তবে ডুবে যাওয়া জাহাজটির নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরানের বাহিনী। এ ছাড়া ট্যাঙ্কারডুবির দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্যও এখনো পাওয়া যায়নি।
হরমুজ ঘিরে বাড়ছে সামরিক উত্তেজনা
গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে তেহরান। ইরানের দাবি, এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তাদের অনুমোদিত রুট অনুসরণ করতে হবে। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার অভিযোগও উঠেছে দেশটির বিরুদ্ধে।
অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ট্যাঙ্কারগুলোকে নিরাপদে প্রণালি অতিক্রমে সহায়তা করছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে।
তবে গত কয়েক সপ্তাহে এই জলপথে জাহাজে অগ্নিকাণ্ড ও মাইন বিস্ফোরণের একাধিক দাবি করেছে তেহরান। ফলে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
ট্যাঙ্কার হামলার খবর, তদন্তে মেরিটাইম কর্তৃপক্ষ
এদিকে, ব্রিটিশ মেরিটাইম মনিটর জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে একটি ট্যাঙ্কারে হামলার বিষয়ে ভারতীয় শিপিং কর্তৃপক্ষের একটি প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। তবে ওই ঘটনার সঙ্গে আইআরজিসির বর্ণিত ট্যাঙ্কারডুবির ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্র জানিয়েছে, সংশ্লিষ্ট জাহাজের ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য পরিবেশগত প্রভাব সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে জাহাজের নাবিকেরা নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সংস্থাটির আগের এক বিবৃতিতে বলা হয়েছিল, গ্রীষ্মকাল থেকে তারা উপসাগরীয় দেশগুলোকে হরমুজ প্রণালি ব্যবহার করে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে নতুন করে ট্যাঙ্কারডুবির দাবি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের উদ্বেগ আরও বাড়াতে পারে। তবে ঘটনার প্রকৃত অবস্থা জানতে স্বাধীন তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত তথ্যের অপেক্ষা রয়েছে।



