২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

কৃষি সমাচার

মাঠে কৃষিসেবার হাল ধরার লোকবলের অভাব: ঝিনাইদহে প্রতি তিনটি পদের একটি ফাঁকা

জেলায় এই পদ অনুমোদিত ২০৭টি, কর্মরত ১৩৬ জন। ফাঁকা রয়েছে ৭১টি। অর্থাৎ সবচেয়ে জরুরি পদগুলোতেই ঘাটতি সবচেয়ে বেশি। উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে খারাপ অবস্থা ঝিনাইদহ সদরের, সেখানে শূন্য ২০টি পদ।

১৫ নভেম্বর, ২০২৬ এ ০৯:০৫
মাঠে কৃষিসেবার হাল ধরার লোকবলের অভাব: ঝিনাইদহে প্রতি তিনটি পদের একটি ফাঁকা

২৪ঘন্টা অনলাইন: কৃষকের মাঠে পরামর্শ পৌঁছে দেওয়ার দায়িত্ব যাঁদের, ঝিনাইদহে সেই কৃষি কর্মীদের সংখ্যাই এখন প্রয়োজনের তুলনায় অনেক কম। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনুমোদিত ৩৩২টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ২৩২ জন। বাকি ১০০টি পদ, অর্থাৎ প্রায় ৩০ শতাংশ, দীর্ঘদিন ধরে শূন্য। এর প্রভাব পড়ছে অফিসের কাজে, আর সবচেয়ে বেশি পড়ছে মাঠের কৃষকদের ওপর।

জেলার ছয়টি উপজেলা কৃষি অফিস ও জেলা উপপরিচালকের কার্যালয়ে এই সংকট ছড়িয়ে আছে। ফসলের উৎপাদন বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানো এবং চাষিদের হাতে-কলমে পরামর্শ দেওয়ার মতো কাজ এখন সীমিত লোকবল দিয়েই চালাতে হচ্ছে।

সংকটের কেন্দ্রে রয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তার পদ। কৃষকের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন এই কর্মকর্তারাই। জেলায় এই পদ অনুমোদিত ২০৭টি, কর্মরত ১৩৬ জন। ফাঁকা রয়েছে ৭১টি। অর্থাৎ সবচেয়ে জরুরি পদগুলোতেই ঘাটতি সবচেয়ে বেশি। উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে খারাপ অবস্থা ঝিনাইদহ সদরের, সেখানে শূন্য ২০টি পদ। শৈলকুপায় ১৯টি, কালীগঞ্জে ১৪টি, মহেশপুরে ৯টি এবং হরিণাকুণ্ডুতে ৮টি পদ খালি। তুলনামূলক ভালো অবস্থায় আছে কোটচাঁদপুর, সেখানে ফাঁকা মাত্র একটি।

উপরের স্তরেও চিত্র একই। ১২টি কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদের মধ্যে কাজ করছেন মাত্র পাঁচজন, সাতটি পদ শূন্য। এর মধ্যে সদরে দুটি এবং বাকি পাঁচ উপজেলায় একটি করে পদ ফাঁকা। অতিরিক্ত কৃষি কর্মকর্তার ছয়টি পদের পাঁচটি পূরণ হলেও সদরে একটি খালি। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয় পদের দুটি শূন্য, একটি কোটচাঁদপুরে, অন্যটি মহেশপুরে।

দাপ্তরিক ও সহায়ক পদেও টান পড়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪ পদের পাঁচটি ফাঁকা। কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদে লোক নেই। উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয় পদের একটি শূন্য, কোটচাঁদপুরে। স্প্রে মেকানিকের ছয় পদের বিপরীতে আছেন মাত্র দুজন; কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডুতে একটি করে চারটি পদ খালি।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও একই অবস্থা। পেশকার মেকানিকের ছয় পদের চারটি এবং অফিস সহায়কের আট পদের চারটি শূন্য। জেলা উপপরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও ক্যাশিয়ারের একটি করে পদও ফাঁকা পড়ে আছে।

এ বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান জনবল সংকটের কথা স্বীকার করেন। তাঁর ভাষ্য, সংকট থাকলেও কৃষকের সেবা নিশ্চিত করতে আন্তরিক চেষ্টা চলছে। সীমিত লোকবল দিয়েই মাঠের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের কাছে পরামর্শ ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। তিনি আশা প্রকাশ করেন, শূন্য পদগুলো পূরণ হলে কৃষিসেবার পরিধি বাড়বে এবং কৃষকরা আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram