২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

অর্থনীতি

কারখানা সচল রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি

তৈরি পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা বন্ধ না করে যৌক্তিক মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। শুক্রবার ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, দেশের প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল। তাই উৎপাদন সচল রাখার পাশাপাশি গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার, আহতদের চিকিৎসা এবং শ্রমিকদের আবাসন ও স্বাস্থ্যসেবার সমস্যার সমাধান করতে হবে।

১৩ নভেম্বর, ২০২৬ এ ২২:৩০
কারখানা সচল রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি

২৪ঘন্টা অনলাইন: তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা বন্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। একই সঙ্গে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে।

১৩ নভেম্বর বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মীর আবুল কালাম আজাদ।

তিনি বলেন, দ্রব্যমূল্য, বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের পক্ষে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারকে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে শ্রম আইনের সর্বশেষ সংশোধনীতে ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের সময়সীমা নির্ধারণ এবং ২০২৪ সালের ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশ করার বিষয়টি তুলে ধরেন তিনি। তবে তাঁর মতে, জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এই মজুরি বৃদ্ধি যথেষ্ট ছিল না।

নতুন মজুরি বোর্ড গঠনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে শ্রমিক নেতা বলেন, শ্রমিকদের প্রকৃত চাহিদা, জীবনযাত্রার ব্যয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণার তথ্য বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করতে হবে। শ্রমিকদের প্রত্যাশা, বোর্ড একটি বাস্তবসম্মত ও যৌক্তিক মজুরি সুপারিশ করবে। সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নতুন মজুরি ২০২৬ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে শুধু বেতন বাড়ালেই শ্রমিকদের সামগ্রিক সংকট দূর হবে না বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যাতায়াত ও নাগরিক সুবিধা নিশ্চিত করাও জরুরি। এসব সমস্যা সমাধানে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে নিয়মিত আলোচনা প্রয়োজন।

কারখানা বন্ধের বিষয়ে সতর্ক করে মীর আবুল কালাম আজাদ বলেন, কারখানা বন্ধ হলে শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা আরও অনিশ্চিত হয়ে পড়বে। এতে অসন্তোষ কমার পরিবর্তে বাড়তে পারে। তাই কোনো ধরনের উসকানি বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় না পড়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিক আন্দোলনের ঘটনায় হয়রানি ও গ্রেপ্তারের শিকার ট্রেড ইউনিয়ন কর্মী এবং শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দিতে হবে। পাশাপাশি আহত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে। তবে প্রকৃত অপরাধে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও আপত্তি নেই বলে জানান তিনি।

নভেম্বর ও ডিসেম্বরকে পোশাকশিল্পের জন্য গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে শ্রমিকদের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। নেতারা বলেন, দেশের প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবন-জীবিকা এই শিল্পের সঙ্গে জড়িত। এ সময়ে উৎপাদন ব্যাহত হলে শিল্পের পাশাপাশি শ্রমিকদেরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

একই সঙ্গে পোশাক কারখানার মালিকদের শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান দেখিয়ে যৌক্তিক মজুরি নির্ধারণ এবং কর্মক্ষেত্রের বাইরের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (জিস্কপ), গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ ও গার্মেন্টস শ্রমিক পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

#জাতীয়#সংবাদ#গার্মেন্টস শ্রমিক আন্দোলন#শ্রমিকদের বেতন বৃদ্ধি#তৈরি পোশাকশিল্প#গার্মেন্টস শ্রমিকদের দাবি#ঢাকা শ্রমিক সংবাদ#Garment Workers Bangladesh#Garment Workers Protest#Minimum Wage Bangladesh
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram