২৪ঘন্টা অনলাইন: ব্যবসা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে নিজেদের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল এবং তাঁর স্ত্রী অভিনেত্রী বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি সাভারে অনন্ত জলিলের শিল্পপ্রতিষ্ঠানের ব্যাংকঋণ নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। তাঁদের ব্যবসায়িক অবস্থা, জীবনযাপন ও চলচ্চিত্রে বিনিয়োগের প্রসঙ্গ তুলে নানা মন্তব্য করেন অনেকে। এমন পরিস্থিতিতেই নিজেদের অনুভূতি প্রকাশ্যে আনলেন অনন্ত ও বর্ষা।
নিজের ফেসবুক পোস্টে ধর্মীয় বিশ্বাসের কথা তুলে ধরেছেন অনন্ত জলিল। কোরআনের আয়াত উল্লেখ করে তিনি জানিয়েছেন, সাহায্যের জন্য তাঁরা আল্লাহর ওপরই নির্ভর করেন। পাশাপাশি তাঁর জন্য দোয়া করা এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা।
সমালোচকদের উদ্দেশেও বক্তব্য দিয়েছেন অনন্ত। সামাজিক মাধ্যমে যাঁরা তাঁকে নিয়ে আলোচনা করেছেন, তাঁদের প্রতিও ধন্যবাদ জানিয়ে সবার জন্য হেদায়েত কামনা করেছেন তিনি।
অন্যদিকে, বর্ষার পোস্টে উঠে এসেছে ব্যবসা ও জীবনের ওঠানামার বাস্তবতা। তিনি লিখেছেন, ব্যবসা-বাণিজ্য কিংবা ব্যক্তিগত পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আল্লাহর ওপর ভরসা রেখেই তাঁরা সামনে এগিয়ে যেতে চান।
পরিবারের পাশে থাকা মানুষদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্ষা। তাঁর ভাষায়, মানুষের ভালোবাসা ও দোয়া তাঁদের সাহস জোগায়। স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়ে তিনি বিপদ-আপদ থেকে সুরক্ষা এবং জীবনের পথচলা সহজ হওয়ার প্রার্থনা করেছেন।
শুধু নিজের পরিবারের জন্য নয়, দেশের মানুষের শান্তি, সুস্থতা ও রিজিকে বরকতের জন্যও দোয়া করেছেন এই অভিনেত্রী।
ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে চলমান আলোচনার মধ্যে অনন্ত ও বর্ষার এই বক্তব্যে তাঁদের ব্যক্তিগত বিশ্বাস, কৃতজ্ঞতা এবং কঠিন সময় পার করার প্রত্যয়ের বিষয়টি উঠে এসেছে।



