২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ব্যাংককফেরত যাত্রীদের ব্যাগে স্বর্ণ-স্মার্টফোন জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককফেরত তিন যাত্রীর ব্যাগেজ থেকে স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোন, প্রসাধনী ও বিপুল পরিমাণ সাবান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পৃথক তিনটি অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। ব্যাগেজ সুবিধা অনুযায়ী নির্ধারিত স্বর্ণের অংশ ছাড় দেওয়ার পর অতিরিক্ত স্বর্ণ ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।

১৩ নভেম্বর, ২০২৬ এ ২২:১৫
শাহজালাল বিমানবন্দরে ব্যাংককফেরত যাত্রীদের ব্যাগে স্বর্ণ-স্মার্টফোন জব্দ

২৪ঘন্টা অনলাইন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজে মিলেছে স্বর্ণের বার, স্মার্টফোন, প্রসাধনী ও বিপুল পরিমাণ সাবানসহ বিভিন্ন পণ্য। পৃথক তিনটি অভিযানে এসব পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

১৩ নভেম্বর সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে মোট ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোন এবং বিভিন্ন ধরনের প্রসাধনী ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়েছে।

প্রথম অভিযানে ব্যাংকক থেকে আসা মো. আবুল হোসেন নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন ধরনের প্রসাধনী, খাদ্যদ্রব্য ও ওষুধও জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে শাহ আলম আজিজ নামের আরেক যাত্রীর ব্যাগেজ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। পাশাপাশি স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ দশমিক ৩৭৫ কেজি প্রসাধনী পাওয়া যায়।

তবে ব্যাগেজ সুবিধা অনুযায়ী প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রির শর্তে তাঁকে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দেওয়া হয়। বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করে কর্তৃপক্ষ। এ চালানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

এ ছাড়া একই ফ্লাইটে আসা উম্মা হানি নামের এক যাত্রীর ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ দশমিক ৪৮ কেজি সাবান পাওয়া যায়। তাঁকেও ব্যাগেজ সুবিধার আওতায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দেওয়া হয়। অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত সাবান জব্দ করা হয়েছে। এ চালানে জব্দ পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

#জাতীয়#সংবাদ#বিমানবন্দরে স্বর্ণ জব্দ#ব্যাংকক থেকে আসা যাত্রী#স্বর্ণ চোরাচালান#ব্যাগেজ সুবিধা#৩৫টি স্মার্টফোন#Hazrat Shahjalal International Airport#Customs Intelligence Bangladesh
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram