২৪ঘন্টা অনলাইন: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির জয়রথ ছুটছেই। এবার খোদ রিপাবলিকানদের কট্টর রক্ষণশীল ঘাঁটি হিসেবে পরিচিত মিসিসিপিতেও উড়ল নীল নিশান! ট্রাম্পের দলকে হারিয়ে এই সেনেট আসনটি ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাটরা। এর ফলে ১০০ আসন বিশিষ্ট মার্কিন সেনেটে ডেমোক্র্যাটদের শক্তি ৫৪ থেকে বেড়ে ৫৫-তে দাঁড়াল, যেখানে রিপাবলিকানরা আটকে রয়েছে ৪৪-এ। আলাস্কার আসনে এখনও গণনা চললেও সেখানেও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।
মিসিসিপির এই জয় ডেমোক্র্যাটদের কাছে ঐতিহাসিক। দীর্ঘদিন ধরে এখানে রিপাবলিকানদের একচ্ছত্র আধিপত্য ছিল। ব্যবধান অল্প হলেও এই জয় তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সবচেয়ে বড় কথা, ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলমের হাত ধরে ১৪০ বছর পর মিসিসিপি থেকে কোনও কৃষ্ণাঙ্গ প্রতিনিধি মার্কিন সেনেটে পা রাখতে চলেছেন। রিপাবলিকানদের নির্বাচনী রং লাল আর ডেমোক্র্যাটদের নীল— সেই সমীকরণেই মার্কিন রাজনীতিতে এখন চর্চা, মিসিসিপির 'লাল দুর্গ' অবশেষে নীল হল।
মার্কিন সংবাদমাধ্যম ‘সিবিএস নিউজ’-এর পরিসংখ্যান বলছে, হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম পেয়েছেন ৪৯.২ শতাংশ ভোট। অন্যদিকে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থী তথা বিদায়ী সেনেটর সিন্ডি হাইড-স্মিথ পেয়েছেন ৪৮.৭ শতাংশ ভোট। পরাজয় নিশ্চিত জেনে বুধবার সন্ধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করে প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানান সিন্ডি। তিনি লেখেন, “আমাদের প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি, তবে মিসিসিপির ভোটারদের রায়কে আমি সম্মান জানাচ্ছি।”
জয়ের পর স্থানীয় একটি কলেজ ময়দানে উন্মুক্ত জনসভায় স্কট কলম বলেন, “মিসিসিপির সাধারণ মানুষই এই জয়ের প্রকৃত রূপকার।” কিন্তু হঠাৎ কেন এই পালাবদল? মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকার বর্তমান অর্থনৈতিক ডামাডোল এবং ট্রাম্পের শুল্ক ও ইরান নীতি নিয়ে রিপাবলিকান ভোটারদের একাংশ বেশ ক্ষুব্ধ। সেই ক্ষোভ এবং কৃষ্ণাঙ্গদের একজোট ভোটের সুবাদেই এই বাজিমাত করেছেন কলম।
শুধু মিসিসিপি নয়, এবারের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, কানসাস এবং আইওয়ার মতো একাধিক ঐতিহ্যবাহী 'লাল দুর্গ' নিজেদের দখলে এনেছে ডেমোক্র্যাটিক পার্টি।



