২৪ঘন্টা অনলাইন: দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে গান শোনানোর কথা ছিল ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর। ঢাকা ও চট্টগ্রামে তাঁর কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল আগ্রহ। তবে দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে তাঁর বাংলাদেশ সফর। এতে হতাশ হয়েছেন অপেক্ষায় থাকা ভক্তরা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১২ ও ১৩ নভেম্বর যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে কনসার্ট দুটি হওয়ার কথা ছিল।
আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে অনুষ্ঠান আয়োজন সম্ভব হচ্ছে না। একই সঙ্গে সব টিকিট বাতিল ঘোষণা করা হয়েছে এবং দর্শকদের কেনা টিকিটের মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যে রিফান্ডের জন্য আবেদন করা দর্শকদের টাকা ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাঁদের পাঠানো রিফান্ড ইমেইলে থাকা ‘Get my refund’ অপশনে ক্লিক করে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। আবেদন সম্পন্ন হলে ২৪ ঘণ্টার মধ্যে সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।
রিফান্ডের ইমেইল ইনবক্সে না পাওয়া গেলে স্প্যাম ফোল্ডার পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত দর্শকেরা নিজেদের পছন্দের মাধ্যমে অর্থ ফেরত নেওয়ার সুযোগ পাবেন।
নির্ধারিত সময়ের মধ্যে কেউ রিফান্ডের আবেদন না করলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটে সরাসরি টাকা ফেরত পাঠানো হবে। তবে এ ক্ষেত্রে অর্থ ফেরত পেতে ৭ থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে।
কনসার্ট বাতিলের কারণ ব্যাখ্যা করে ইকিউব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান ঢাকা মেইলকে জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট আয়োজনকে নিরাপদ মনে করছেন না তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও অনানুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছিল। শিল্পীর সঙ্গে আলোচনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই শেষ পর্যন্ত অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘ও সানাম’ ও ‘এক পল কা জিনা’র মতো জনপ্রিয় গানের শিল্পী লাকি আলী দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর এই সফর বাতিল হওয়ায় আপাতত দেশের দর্শকদের সরাসরি তাঁর গান শোনার অপেক্ষা আরও দীর্ঘ হলো।



