২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা নিয়ে চলছে চিকিৎসাসেবা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের বেশি ভবন পরিত্যক্ত ঘোষণা, বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

১২ নভেম্বর, ২০২৬ এ ১৯:৩১
স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা নিয়ে চলছে চিকিৎসাসেবা

২৪ঘন্টা অনলাইন: ম ম রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার ভবনটি এখন যেন নিজেই একটি বড় স্বাস্থ্যঝুঁকির নাম। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, চুঁইয়ে পড়ছে পানি, পিলার ও বিমে দেখা দিয়েছে ফাটল। কোথাও কোথাও কংক্রিট সরে গিয়ে বেরিয়ে এসেছে মরিচা ধরা লোহার রড। ভবনের অর্ধেকের বেশি অংশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত করা হলেও বিকল্প অবকাঠামো না থাকায় সেখানেই চলছে রোগীদের চিকিৎসাসেবা। ফলে রোগী, স্বজন, চিকিৎসক ও নার্স— সবার মাথার ওপর ঝুলছে দুর্ঘটনার শঙ্কা।

উপকূলীয় জনপদ মোংলা ও সুন্দরবনসংলগ্ন এলাকার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান সরকারি আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। বন্দরনগরী মোংলার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষও জরুরি চিকিৎসার জন্য এখানে আসেন। অথচ দীর্ঘদিনের অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না হওয়ায় হাসপাতালটির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। গাইনি ওয়ার্ডে ভর্তি ৮৫ বছর বয়সী করিমন বেগম বলেন, দুই দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। রাতে ভয়ে ঠিকমতো ঘুমাতে পারেন না। কখন ছাদ ভেঙে পড়ে, সেই আতঙ্কে থাকতে হয়। সঙ্গে নাতি থাকায় দুশ্চিন্তা আরও বেড়েছে। পাশের শয্যায় থাকা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতাল ভেবে চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু ভবনের অবস্থা দেখে মনে হচ্ছে, এটি কোনো পরিত্যক্ত বাড়ি। এখানে রোগ সারাতে এসে উল্টো দুর্ঘটনার আশঙ্কা নিয়ে থাকতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন দায়িত্বশীল নার্স বলেন, প্রতিদিন আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। ছাদ থেকে পানি পড়ে, দেয়াল ও পিলারের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে, কোথাও বেরিয়ে আছে মরিচা ধরা রড। কখন কী ঘটে, তা নিয়ে সবাই উদ্বিগ্ন। চিকিৎসক, নার্স ও রোগীদের নিরাপত্তা নিয়েও তাঁরা শঙ্কিত।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ মে চার একর জমির ওপর ৩১ শয্যা নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার সময় থেকেই চিকিৎসকসংকট ছিল। তখন ১৩ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত ছিলেন মাত্র সাতজন। ২০০৬ সালের প্রথম দিকে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে শয্যাসংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি জনবল ও চিকিৎসাসেবার সক্ষমতা।

বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে ৩৮ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৯ জন। অর্থাৎ চিকিৎসকের ৭৬ শতাংশ পদই শূন্য। চিকিৎসকের পাশাপাশি নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য কর্মচারীর সংকটও রয়েছে। মাত্র ৯ জন চিকিৎসক দিয়ে প্রতিদিন বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। অন্যদিকে অন্তর্বিভাগে ভর্তি থাকছেন ১২০ থেকে ১৩০ জন রোগী। ফলে ৫০ শয্যার হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি চলাচলের পথেও অবস্থান করতে হচ্ছে। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, চরম ঝুঁকির মধ্যে তাঁদের চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। নতুন ভবন নির্মাণ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। দ্রুত নতুন ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মোংলা বন্দর, পৌরসভা ও উপজেলার জনসংখ্যা এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় বর্তমান ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন। একই সঙ্গে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলসহ নতুন ভবন নির্মাণ করতে হবে

এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা চালু রাখা জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ, জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ এবং হাসপাতালের চিকিৎসক ও জনবলসংকট নিরসন করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালকে নিরাপদ ও আধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা এখন সময়ের দাবি।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram