২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

শিশুকে বলাৎকারের চেষ্টায় ইমামের ৭ বছরের কারাদণ্ড

৮ নভেম্বর, ২০২৬ এ ১৬:৫৭
শিশুকে বলাৎকারের চেষ্টায় ইমামের ৭ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ফরিদপুরে ১০ বছরের এক শিশু ছাত্রকে যৌন নিপীড়নের (বলাৎকার) দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে মসজিদের ইমামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায় তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় দণ্ডিত আসামি আরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদান শেষে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত আরিফুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের বাসিন্দা। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের একটি মসজিদে ইমামতি করতেন। ইমামতির পাশাপাশি তিনি ওই মসজিদে সকালে শিশুদের মক্তবের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রদান করতেন।

আদালত সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম প্রতিদিন ভোরে ধর্মীয় শিক্ষার জন্য মসজিদের মাইকের মাধ্যমে শিশুদের ডাকতেন। ঘটনার দিন ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টি হওয়ায় মাইকে ডাকেননি। এরমধ্যে ভুক্তভোগী শিশুটি প্রতিদিনের ন্যায় মক্তব পড়তে মসজিদে চলে যায়। এরপর শিশুটিকে একা পেয়ে তাকে বলাৎকারের চেষ্টা করেন ওই ইমাম। ওই সময় শিশুটি কৌশলে দরজা খুলে দৌড়ে বের হয় এবং বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়।

এমন খবরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মসজিদে গিয়ে আরিফুল ইসলামকে আটক করে পুলিশকে জানান। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে। এ ঘটনায় ওইদিন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা মামলা দায়ের করেন।

২০২৪ সালের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম।

সত্যতা নিশ্চিত করে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া জানান, আসামি আদালতে নিজের দোষ স্বীকার করেন এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে তার অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক রায় প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করছে।

তিনি বলেন, এছাড়া রাষ্ট্রপক্ষ মনে করে- যাদের দায়িত্ব ছিল শিশুদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার, তাদের দ্বারা এ ধরনের অপকর্ম মেনে নেওয়ার মতো নয়। সুতরাং এ রায়ে মধ্য দিয়ে সমাজ এমন অপকর্ম থেকে রক্ষা পাবে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram