২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৮ নভেম্বর বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কারখানা ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মোতায়েন করা সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় টহল দিচ্ছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকাতেও রয়েছে বিজিবির নিরাপত্তা কার্যক্রম।
অন্যদিকে গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
শুধু মাঠপর্যায়ে টহল নয়, পরিস্থিতি পর্যবেক্ষণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন বিজিবি সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে নিরাপদ পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে এই নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।



