২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ২১

ইউরোপে যাওয়ার পথে সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ২১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। এদিকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়েছে। এক সপ্তাহে এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ।

৮ নভেম্বর, ২০২৬ এ ১৯:৩৭
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ২১

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : ন্নত জীবনের আশায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা। কিন্তু সেই যাত্রাই কেড়ে নিল অন্তত ২১ জনের প্রাণ। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ যাত্রীদের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ৮ নভেম্বর সেনেগাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, শনিবার সেনেগালের উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করা নৌকাটি উত্তাল সমুদ্রে ডুবে যায়। খবর পেয়ে উপকূলরক্ষী বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রের তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। সেনেগালের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, নৌকাডুবির পর অন্তত ২০ জনের মরদেহ সৈকতে ভেসে এসেছে। নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো জানা যায়নি।

এদিকে ইউরোপে প্রবেশের অন্যতম বিপজ্জনক পথ হিসেবে পরিচিত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রেখেছেন আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা। উন্নত জীবন, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যতের আশায় অনেকেই মানবপাচারকারীদের সহায়তায় ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় অংশ নিচ্ছেন।

অভিবাসীদের এই যাত্রার চাপ বাড়ছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জেও। এপিএসের তথ্য অনুযায়ী, শনিবার এক দিনেই সাত শতাধিক অভিবাসী ওই দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। আর মাত্র এক সপ্তাহে স্পেনের এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী। পরিস্থিতি সামাল দিতে সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আটলান্টিকের এই বিপজ্জনক পথে বারবার নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটলেও ইউরোপে পৌঁছানোর চেষ্টা থামছে না অভিবাসীদের। সেনেগালের সর্বশেষ দুর্ঘটনাটি আবারও সামনে এনেছে অনিয়মিত অভিবাসনের ভয়াবহ মানবিক সংকট।

#জাতীয়#সংবাদ#সেনেগালে নৌকাডুবি#আটলান্টিক মহাসাগর#অভিবাসী নিহত#ইউরোপে অভিবাসন#সেনেগাল অভিবাসী#ক্যানারি দ্বীপপুঞ্জ#নৌকাডুবিতে মৃত্যু#Senegal Boat Capsize#Atlantic Migrant Tragedy#Canary Islands Migrants
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram