গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বৈঠক
তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষ পৃথকভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবে। পরে এসব প্রস্তাবের ভিত্তিতে নতুন মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে।

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া আরও এক ধাপ এগোচ্ছে। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব সংগ্রহ এবং মজুরির সুপারিশ তৈরির লক্ষ্যে আগামী ৯ নভেম্বর বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।
৫ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে প্রকাশিত এক নোটিশে সভার সময়সূচি জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, সোমবার বেলা ১১টায় রাজধানীর ৪০, সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে আয়োজিত এ সভায় গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবেন।
সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি হারের বিষয়ে প্রস্তাব উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড।
নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে সভায় অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই বৈঠকের মধ্য দিয়ে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের অবস্থান আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসবে। তবে নতুন মজুরি কত হতে পারে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।


