বিনোদন

নতুন অবতারে সাই পল্লবী

২৮ অক্টোবর, ২০২৬ এ ২১:৪৩
নতুন অবতারে সাই পল্লবী

২৪ঘণ্টা অনলাইন :দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার হাজির হচ্ছেন এক দুর্ধর্ষ সিবিআই কর্মকর্তার চরিত্রে। ধানুশ ও মাম্মুটির সঙ্গে ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’ সিনেমায় তাঁর নতুন লুক প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সম্প্রতি সিনেমাটিতে সাই পল্লবীর চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এতে তাঁকে দেখা গেছে লাল চন্দনকাঠ পাচারের রহস্য উদঘাটনে জটিল তদন্তে নামতে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিত্যা রেড্ডি।

গল্প অনুযায়ী, অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার নাইদুপেটের বাসিন্দা নিত্যার সঙ্গে বনাঞ্চলের রয়েছে গভীর আবেগের সম্পর্ক। তাঁর বাবা ছিলেন একজন বন কর্মকর্তা। জঙ্গল রক্ষা করতে গিয়ে বাবার আত্মত্যাগ নিত্যার জীবন ও দায়িত্ববোধে গভীর প্রভাব ফেলে। সেই আবেগ থেকেই অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় অবস্থান নেয় তাঁর চরিত্র।

ফিরছে ধানুশ-সাই পল্লবী জুটি

দীর্ঘদিন পর ধানুশের সঙ্গে আবারও পর্দায় দেখা যাবে সাই পল্লবীকে। এর আগে ‘মারি ২’ সিনেমার জনপ্রিয় গান ‘রাউডি বেবি’তে তাঁদের রসায়ন দর্শকদের প্রশংসা পেয়েছিল। নতুন সিনেমায় এই জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁদের ভক্তরা।

রাজকুমার পেরিয়াসামি পরিচালিত সিনেমাটিতে ধানুশ ও মাম্মুটিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অ্যাকশন, রহস্য ও অপরাধের গল্প ঘিরে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়ছে।

সিনেমাটির প্রাথমিক মুক্তির তারিখ ছিল ১৬ অক্টোবর। তবে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’-এর সঙ্গে মুক্তির সংঘাত এড়াতে তারিখ পরিবর্তন করা হয়। পরবর্তী সময়ে ধানুশ ২০ নভেম্বরকে নতুন মুক্তির তারিখ হিসেবে ঘোষণা করেন।

‘রামায়ণ’ নিয়ে আলোচনার পাশাপাশি নতুন এই অ্যাকশনধর্মী চরিত্রে সাই পল্লবীর উপস্থিতি তাঁকে ঘিরে বিনোদনজগতের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram