আন্তর্জাতিক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬

২৮ অক্টোবর, ২০২৬ এ ২১:০৪
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬

২৪ঘণ্টা অনলাইন : স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

২৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টার দিকে মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিইর প্রতিবেদন অনুযায়ী, দুটি ট্রেন একই লাইনে চলার সময় একটি ট্রেন পেছন থেকে অন্যটিকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে ৫৪৪ জন যাত্রী ছিলেন। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে ৪৬ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

দুর্ঘটনার সময় ট্রেনে থাকা ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো জানান, সংঘর্ষের ধাক্কায় কয়েকজন যাত্রী ট্রেনের বাইরে ছিটকে পড়েন। প্রথমে তাঁরা ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে মনে করেছিলেন। পরে বাইরে বেরিয়ে ট্রেনের একটি অংশ কাত হয়ে থাকতে দেখেন। সেখানে অনেক আহত মানুষকে পড়ে থাকতে এবং আতঙ্কিত যাত্রীদের কাঁপতে দেখেন তিনি।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram