মিরপুর-১-এ ডিএনসিসির উচ্ছেদ অভিযান

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা সরাতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ২৮ অক্টোবর সকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। একই দিন বিকেল ৫টায় ওই এলাকায় আবারও অভিযান চালানোর কথা জানিয়েছে সংস্থাটি।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় বিকেলে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হবে। মিরপুর-১ গোলচত্বরের ফুটওভারব্রিজের নিচ থেকে এ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।
অভিযানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। ফুটপাত দিয়ে মানুষের নির্বিঘ্নে চলাচল এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখাই এ উদ্যোগের লক্ষ্য।
তিনি বলেন, ফুটপাত দখল করে অবৈধভাবে কোনো দোকানপাট বসানো যাবে না। এর আগে ১০ নম্বর গোলচত্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইভাবে নগরের অন্যান্য এলাকার ফুটপাতও পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।
ডিএনসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেলের অভিযানে প্রশাসক নিজে উপস্থিত থেকে ফুটপাতের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম তদারকি করবেন।
