লিড নিয়েও পর্তুগালের কাছে ৩-১ গোলে হারল বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন : ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে পর্তুগালের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও জয় পায়নি বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে লিড নিলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরুতেই বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এতে পর্তুগালের বিপক্ষে ভালো ফলের আশা তৈরি হয়। তবে পরবর্তী সময়ে ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ঘুরে দাঁড়ায় পর্তুগাল। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের কিশোর ফুটবলারদের।
আজকের সূচিতে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এর আগে গতকাল ইউরোপের আরেক দল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।
ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ের এই ফুটবল ফেস্টিভ্যালকে বৈশ্বিক আয়োজনের রূপ দিয়েছে। এতে ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচে দুই দল আটজন করে খেলোয়াড় নিয়ে মাঠে নামে। ম্যাচের সময় ২০ মিনিট করে দুই অর্ধে মোট ৪০ মিনিট।
এই দল গঠনের প্রক্রিয়া শুরু হয় ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে। দেশজুড়ে প্রতিযোগিতা শেষে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা হয়। পরে ক্যাম্প ও ওপেন ট্রায়ালের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়।
দুই মাসের বেশি সময় অনুশীলনের পর আজারবাইজানে খেলতে গেছে বাংলাদেশের দল। বয়সভিত্তিক ফুটবলে ইউরোপের শক্তিশালী দল ওয়েলস ও পর্তুগালের বিপক্ষে একটি ড্র এবং লিড নিয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
