মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের পাশে থাকার আহ্বান- আইজিপি

পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, পিপিএম। তিনি বলেছেন, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
২৫ অক্টোবর সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মান বাড়াতে অর্থনৈতিক অগ্রগতি জরুরি। এ ক্ষেত্রে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে কর্মসংস্থানের চ্যালেঞ্জের মুখে পড়ছেন বলে তিনি উল্লেখ করেন।
মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। কিশোর গ্যাং নির্মূলেও সবাইকে পুলিশকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি অপরাধ দমনে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভিন আক্তার এবং হিন্দু সম্প্রদায়ের নেতা প্রদীপ বসু সন্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
