মায়ামীর মঞ্চে প্রথমবার পারফর্ম করবেন জায়েদ খান

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর দুই দিনব্যাপী এই আয়োজনে প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করবেন ঢালিউড অভিনেতা জায়েদ খান।
আয়োজনে এশিয়ার বিভিন্ন দেশের জনপ্রিয় তারকারা অংশ নেবেন। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জায়েদ খান। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও সুপারহিট গানের সঙ্গে পরিবেশনায় অংশ নিয়ে দর্শকদের মাতানোর প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।
জায়েদ খানের অংশগ্রহণের খবরে মায়ামীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। প্রিয় তারকাকে সরাসরি দেখার পাশাপাশি তাঁর পরিবেশনা উপভোগ করতে অপেক্ষা করছেন অনেকেই।
দুই দিনব্যাপী এই উৎসবে এশিয়ার বিভিন্ন দেশের খাবার ও সংস্কৃতির পাশাপাশি তারকাদের পরিবেশনা উপভোগের সুযোগ পাবেন দর্শকেরা।
