সৌদির পাশে মিশর, সামরিক সহায়তার প্রস্তুতি

২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত মিশর। রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের অনুরোধে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে অনুমোদন নিতে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। অধিবেশনে এ বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় হুতিদের হামলার খবর পাওয়া গেছে। ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সংঘাত নতুন করে তীব্র হয়েছে।
মিশরের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা, সম্পদ, ভৌগোলিক অখণ্ডতা ও পবিত্র ইসলামি স্থানগুলো রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত কায়রো।
