বিচ্ছেদের পর নীরবতা ভাঙলেন শেহতাজ

২৪ঘণ্টা অনলাইন : সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। বিচ্ছেদের ঘোষণার পর এটিই তাঁর প্রথম পোস্ট হিসেবে আলোচনায় এসেছে।
সম্প্রতি ফেসবুকে প্রকাশিত ছবিগুলোতে প্রকৃতির সান্নিধ্যে অবসর কাটাতে দেখা যায় শেহতাজকে। খোলা প্রান্তর ও প্রাকৃতিক পরিবেশে তোলা ছবিগুলোর সঙ্গে আবহসংগীত হিসেবে তিনি ব্যবহার করেছেন সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি।
প্রীতম হাসান ও শেহতাজের সম্পর্ক ছিল প্রায় এক দশকের। দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালে বিয়ে করেন তাঁরা। তবে গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে দাম্পত্য সম্পর্কের অবসানের ঘোষণা দেন দুজন।
বিবৃতিতে তাঁরা জানান, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেক আলোচনা, চিন্তাভাবনা এবং পরিবারের সমর্থন নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তাঁরা। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
একই সঙ্গে জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান প্রীতম ও শেহতাজ।
শেহতাজের নতুন ছবিগুলো প্রকাশের পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় ৩২ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। পাশাপাশি ছবিগুলোতে মন্তব্য করেন অসংখ্য নেটিজেন।
