প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রার্থনার আহ্বান হুইপ নিজানের
২৪ঘণ্টা অনলাইন : প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে বিশেষ প্রার্থনার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। ১৮ অক্টোবর...

২৪ঘণ্টা অনলাইন : প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে বিশেষ প্রার্থনার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
১৮ অক্টোবর দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ত্রিনয়নী সংঘ ও শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
হুইপ নিজান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে। একটি সুন্দর বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রীর ইতিবাচক চিন্তাভাবনার সুফল পেতে তাঁর দীর্ঘায়ু কামনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, হিন্দু-মুসলিম সম্প্রীতি ও সৌহার্দ্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। দুর্গাপূজা ও ঈদ—উভয় উৎসবই মানুষের আনন্দের উপলক্ষ। নাগরিক হিসেবে সবার অধিকার সমান। সমাজে অন্যায় ও গুন্ডামি বরদাশত করা হবে না।
এ সময় হুইপ দাবি করেন, প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার পরিবর্তনের কারণে এবার পূজামণ্ডপে হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হচ্ছে।
পূজামণ্ডপের নিরাপত্তা প্রসঙ্গে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ-জামান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ, কৃষি বিভাগ, বিএনপি ও পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। মণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ৩০০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান।
