পর্তুগালে বেতন বৃদ্ধি ও সাশ্রয়ী আবাসনের দাবিতে বিক্ষোভ

২৪ঘণ্টা অনলাইন : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম বেতন ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালের তিন বড় শহর লিসবন, পোর্তো ও কোইমব্রায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ১৭ অক্টোবর আয়োজিত এসব কর্মসূচি থেকে বেতন বৃদ্ধি, উন্নত পেনশন ও সাশ্রয়ী আবাসনের দাবি জানানো হয়।
পর্তুগিজ শ্রমিকদের সাধারণ কনফেডারেশন (সিজিটিপি) এ বিক্ষোভের আয়োজন করে। লিসবনে কাইশ দো সোদ্রে এলাকা থেকে মিছিল নিয়ে রোসিও চত্বরে যান বিক্ষোভকারীরা। এ সময় তাঁদের হাতে বেতন বৃদ্ধি ও আবাসন নীতির উন্নতির দাবিসংবলিত ব্যানার ছিল।
পোর্তোতে কয়েক হাজার মানুষ বাতালিয়া চত্বর থেকে ডম জোয়াও প্রথম চত্বর পর্যন্ত মিছিল করেন। তাঁরা বেতন ও পেনশন বাড়ানোর পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়ন এবং আবাসন সংকট সমাধানের দাবি জানান। মিছিলে প্রায় ১০০ তরুণ আবাসন আন্দোলনকর্মী প্ল্যাকার্ড ও একটি তাঁবু নিয়ে অংশ নেন।
আবাসন আন্দোলনের মুখপাত্র ক্রিস্তিয়ানা লিয়াল বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
এর আগে বৃহস্পতিবার ভোরে পোর্তোতে পুলিশের অভিযানে আবাসন আন্দোলনকারীদের একটি অস্থায়ী শিবির উচ্ছেদ করা হয়। এর পরিপ্রেক্ষিতেও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
সমাজতান্ত্রিক দলের নেতা হোসে লুইস কার্নেইরো বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছেন। পাশাপাশি পুলিশের অভিযানে বলপ্রয়োগের প্রয়োজনীয়তা ও মাত্রা যথাযথ ছিল কি না, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি। ঘটনাটি তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ প্রশাসনের মহাপরিদর্শক দপ্তর।
