বিকৃত এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমনি

২৪ঘণ্টা অনলাইন : এআই দিয়ে তৈরি অভিনেত্রীদের বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর অভিযোগ, শুধু দুঃখপ্রকাশ করলেই এ ধরনের ঘটনার দায় এড়ানো যায় না। ভিডিওটি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও ব্যাপক আকার নিয়েছে।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেজটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররা ভিডিওগুলো পোস্ট করেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশও করে প্রতিষ্ঠানটি।
তবে চ্যানেলটির বক্তব্যে সন্তুষ্ট নন পরীমনি। গত শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ ঘটনায় নিজের ক্ষোভের কথা জানান ‘স্বপ্নজাল’ সিনেমার এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, ভিডিওটি অনেক আগের হলেও এবার ওই পেজের মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
চ্যানেলটির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, এত বড় একটি গণমাধ্যমের পেজ দীর্ঘ সময় হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকলেও কেন দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি? তাঁর মতে, শুধু পেজ হ্যাক হওয়ার কথা বলে দায় এড়ানো যায় না।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যকারীদেরও সমালোচনা করেন তিনি। পরীমনির বক্তব্য, অনেকেই ভিডিওটির সত্যতা যাচাই না করে তা নিয়ে আলোচনা ও কটূক্তিতে মেতে উঠেছেন। এমনকি অন্যের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক নিয়ে অশালীন মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিনেত্রী।
পরীমনি মনে করেন, বিকৃত ভিডিও নিয়ে অযথা আলোচনা না করে বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত ছিল। তাঁর মতে, এ ধরনের ঘটনায় ভুক্তভোগীকে বিব্রত করার পরিবর্তে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
ফেসবুক লাইভে নানা বিষয়ে কথা বলার পর সেটি নিজের পেজ থেকে মুছে ফেলেন পরীমনি। শনিবার সকালে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।
