জাতীয়

রংপুরের কার্পেট কারখানার বিশ্বজয়, পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার

১৭ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ PM
রংপুরের কার্পেট কারখানার বিশ্বজয়, পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের স্থাপত্যশিল্পে নতুন অর্জন। রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’ জিতে নিয়েছে বিশ্বের মর্যাদাপূর্ণ রিবা আন্তর্জাতিক পুরস্কার। শ্রমিকবান্ধব পরিবেশ, সবুজ প্রাঙ্গণ ও ব্যতিক্রমী নকশার কারণে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে কারখানাটি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করা হয়। কারখানাটি পরিচালনা করে কারুপন্ন্য রংপুর লিমিটেড। এর স্থাপত্য নকশা করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টস।

সাততলা এই কারখানাটি এক লাখ ৪৪ হাজার বর্গফুটের বেশি জায়গাজুড়ে নির্মিত। এখানে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন, যাঁদের অধিকাংশই নারী। প্রচলিত শিল্পকারখানার ধারণা বদলে দিয়ে ভবনটিতে কর্মপরিবেশের সঙ্গে প্রকৃতির সমন্বয় ঘটানো হয়েছে।

কারখানাটিতে রয়েছে পুকুরঘেরা হাঁটার পথ, সাজানো বাগান, সবুজে ঘেরা বারান্দা ও খোলামেলা প্রাঙ্গণ। শ্রমিকদের সুবিধার জন্য রাখা হয়েছে শিশুদের যত্ন নেওয়ার ডে কেয়ার সেন্টার, চিকিৎসাকেন্দ্র এবং বিশ্রামের জায়গা।

কারখানাটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর কেন্দ্রীয় প্রবেশপথ। শ্রমিক, ব্যবস্থাপক ও মালিক—সবাই একই প্রবেশপথ ব্যবহার করেন। রিবা পুরস্কারের বিচারকেরা এটিকে কর্মক্ষেত্রে সমতা ও সবার সমান মর্যাদার প্রতীক হিসেবে দেখেছেন।

স্থপতিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী বাড়ির উঠান, পুকুর ও সবুজ পরিবেশ থেকে নকশার অনুপ্রেরণা নিয়েছেন। তাঁদের লক্ষ্য ছিল, কারখানাটিকে শুধু উৎপাদনকেন্দ্র নয়, বরং শ্রমিকদের জন্য স্বস্তিদায়ক ও অনুপ্রেরণামূলক কর্মপরিবেশ হিসেবে গড়ে তোলা।

এবার রিবা আন্তর্জাতিক পুরস্কারের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুটি স্থাপনা জায়গা পেয়েছিল। রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরির পাশাপাশি ছিল ঢাকার জলবায়ু-সহনশীল নকশায় নির্মিত ব্র্যাক ইউনিভার্সিটি।

২০১৬ সালে চালু হওয়া রিবা আন্তর্জাতিক পুরস্কার বিশ্বের উল্লেখযোগ্য স্থাপত্য সম্মাননাগুলোর একটি। এ পুরস্কারে ভবনের সৌন্দর্যের পাশাপাশি মানুষের কল্যাণ, সামাজিক সংযোগ ও পরিবেশের সঙ্গে স্থাপত্যের সামঞ্জস্যকে গুরুত্ব দেওয়া হয়।

রংপুরের এই কারখানার স্বীকৃতি প্রমাণ করে, শিল্পকারখানাও হতে পারে নান্দনিক, পরিবেশবান্ধব ও শ্রমিকদের কল্যাণকেন্দ্রিক। বাংলাদেশের স্থাপত্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি এই অর্জন ভবিষ্যতের শিল্পকারখানা নির্মাণেও নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রংপুরের কার্পেট কারখানার বিশ্বজয়, পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার | ২৪ঘণ্টা