জাতীয়

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৭ অক্টোবর, ২০২৬ এ ৮:৪৪ PM
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকায় সেবার মান ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ অক্টোবর সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থানে ঘুরে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, পরিদর্শনের শুরুতে তিনি উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এরপর রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাংলা কলেজে যান।

পরে আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনে বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে সাত দিন এবং আজিমপুর সরকারি কোয়ার্টার পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় দেন তিনি।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে ধূমপান ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পেয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা ও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আকস্মিক পরিদর্শনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। নাগরিক সেবার মান বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিত ও জনস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন | ২৪ঘণ্টা