দুই থেকে তিন হচ্ছেন সোহিনী-শোভন

২৪ঘন্টা অনলাইন: টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে আসছে নতুন অতিথি। বিয়ের দুই বছর পূর্তির দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি।
১৫ জুলাই নিজেদের যৌথ কয়েকটি ছবি প্রকাশ করেন সোহিনী ও শোভন। ছবিগুলোতে সোহিনীর বেবিবাম্প স্পষ্ট দেখা যায়। পোস্টের ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে।’ এরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসতে থাকেন তারা।
তারকাদম্পতির এই ঘোষণার পর অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী অলিভিয়া সরকার, সুস্মিতা চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ ও অনিন্দিতা রায়চৌধুরীসহ অনেকে শুভকামনা জানিয়েছেন হবু মা-বাবাকে।
২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী ও শোভন। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ সংযত এই জুটি বিয়ের আয়োজনও রেখেছিলেন গোপনীয়তার আবরণে।
গত জুন থেকেই সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সে সময় এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। অবশেষে নিজেরাই আনুষ্ঠানিকভাবে সুখবর জানালেন।
সম্প্রতি ‘ফেরা’ সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার। মাতৃত্বের প্রস্তুতির কারণে আপাতত অভিনয় থেকে কিছুটা বিরত রয়েছেন তিনি এবং নতুন কোনো প্রকল্প হাতে নিচ্ছেন না বলে জানা গেছে।
