দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান শফিকুর রহমান

২৪ঘন্টা অনলাইন: জাতীয় সংসদকে দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর কার্যকর মঞ্চ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং উন্নয়ন বরাদ্দে সুষম বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
১৫ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
ড. শফিকুর রহমান বলেন, সংসদের কার্যক্রম যত বেশি নিয়মতান্ত্রিক, কার্যকর ও জনমুখী হবে, ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে। সংসদ পরিচালনায় স্পিকারের ভূমিকা আরও বলিষ্ঠ হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বাজেট ও গুরুত্বপূর্ণ বিল পাসের প্রক্রিয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, জনগুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বিরোধী দলের সদস্যরা পর্যাপ্ত আলোচনা ও মতামত দেওয়ার সুযোগ পাননি। ভবিষ্যতে সংসদে সব দলের অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক বন্যা, ভূমিধস ও পানিতে ডুবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আর্থিক সহায়তার দাবি তোলেন। বিশেষ করে চট্টগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে পুনর্বাসন কার্যক্রমে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
রাজধানী ঢাকার জলাবদ্ধতা ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই নগরবাসী চরম দুর্ভোগে পড়ে। ঢাকাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে ড. শফিকুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং দক্ষ মানবসম্পদ গঠনে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদন ও এমপিওভুক্তির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের সব অঞ্চলের মানুষ যেন সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ জনগণ কোনোভাবেই বঞ্চিত হতে পারে না।
সরকারি অর্থে নির্মিত স্থাপনায় ব্যক্তিনির্ভর নামফলক সংস্কৃতিরও সমালোচনা করেন তিনি। তার মতে, সরকার পরিবর্তনের সঙ্গে নামফলক পরিবর্তনের প্রবণতা রাষ্ট্রীয় অর্থের অপচয় বাড়ায় এবং এটি বন্ধ হওয়া প্রয়োজন।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ড. শফিকুর রহমান বলেন, জনসম্পদ লুটপাট বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হলে প্রশাসন ও অর্থনীতিতে শৃঙ্খলা ফিরবে।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান তিনি। পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার দাবিও উত্থাপন করেন।
