বিচ্ছেদের দায় নিলেন সোহেল

২৪ঘন্টা অনলাইন: বিচ্ছেদের চার বছর পরও প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহর প্রতি সম্মান ও বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখেছেন বলিউড অভিনেতা ও প্রযোজক সোহেল খান। সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে সীমাকে দেখে আবেগাপ্লুত হয়ে তাদের সম্পর্ক ভাঙার দায় নিজের কাঁধে তুলে নেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, একটি রিয়্যালিটি শোতে ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে অংশ নেন সীমা সাজদেহ। অনুষ্ঠানে তার উপস্থিতি দেখে বিস্মিত হলেও হাসিমুখেই তাকে স্বাগত জানান সোহেল।
শোয়ের সঞ্চালক কুণাল খেমু যখন সীমাকে দেখে সোহেলের প্রতিক্রিয়া জানতে চান, তখন তিনি খোলামেলাভাবে নিজের অনুভূতির কথা জানান। সোহেল বলেন, “এই অসাধারণ নারীর সঙ্গে আমি ২৪ বছর জীবন কাটিয়েছি। আমাদের সম্পর্কে যদি কোনো ভুল থেকে থাকে, তার দায় আমি নিজের কাঁধে নিচ্ছি।”
সোহেলের এমন মন্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন সীমা। উপস্থিত দর্শক ও প্রতিযোগীরাও তার বক্তব্যে প্রশংসা জানান। অভিনেতা কুশল ট্যান্ডনও এ সময় সোহেলের উদার মানসিকতার প্রশংসা করেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সোহেল খান ও সীমা সাজদেহ। দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। ২০২২ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
তবে বিচ্ছেদের পরও সন্তানদের দেখভাল ও ভবিষ্যতের স্বার্থে তারা পারস্পরিক সহযোগিতা বজায় রেখেছেন। ব্যক্তিগত সম্পর্কের সমাপ্তি ঘটলেও বন্ধুত্ব ও শ্রদ্ধার জায়গা থেকে এখনও একে অপরের পাশে রয়েছেন এই সাবেক দম্পতি।
