জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এ দুর্যোগে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে, এমনকি পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে দেশটির উত্তর উপকূলীয় অঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে।
ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
ঘটনার দিন ভেনেজুয়ায় জাতীয় ছুটি থাকায় অধিকাংশ মানুষ বাড়িতে অবস্থান করছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দেশটির অনেক ভবন আধুনিক ভূমিকম্প-সহনশীল প্রযুক্তিতে নির্মিত নয়। এ কারণে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। সংস্থাটি ১০ হাজার থেকে এক লাখ পর্যন্ত মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।
ভূমিকম্পের পরপরই ক্যারিবীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। এদিকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে কর্তৃপক্ষ
