কাতারে ভয়াবহ বিস্ফোরণ,১৮নিখোঁজ, আহত ৫৪

২৪ঘণ্টা অনলাইন: কাতারের শিল্পনগরী রাস লাফফানে অবস্থিত বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান কাতারের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদক ও রপ্তানিকারক দেশ হিসেবে কাতারের বেশিরভাগ এলএনজি স্থাপনা এই শিল্পনগরীতেই অবস্থিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানা এলাকা থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের পর সৃষ্ট আগুনের শিখা বহু দূর থেকে দৃশ্যমান ছিল এবং এর বিকট শব্দ রাজধানী দোহা পর্যন্ত শোনা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানার ভেতরে নতুন একটি প্ল্যান্ট নির্মাণকাজ চলছিল। রোববার কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : রয়টার্স
