আনোয়ারের ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান

২৪ঘণ্টা অনলাইন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একান্ত আলোচনা শুরু হয়। একান্ত বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদল নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতি, বাংলাদেশি কর্মী নিয়োগ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পাবে।
বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে বিনিয়োগ, প্রযুক্তি, শ্রমবাজার এবং খাদ্য নিরাপত্তা খাতে নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করবেন দুই নেতা।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
মধ্যাহ্নভোজ উপলক্ষে মালয়েশিয়ার শিল্পীদের পরিবেশনায় মালয় ও বাংলা ভাষার গানসহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
