জাতীয়

আদাবরে পুলিশের অভিযানে হামলা, গুলিবিদ্ধসহ আটক ৪

আদাবরে পুলিশের অভিযানে হামলা, গুলিবিদ্ধসহ আটক ৪

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর আদাবরে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। এ সময় পুলিশের পাল্টা গুলিতে এক সন্দেহভাজন গুলিবিদ্ধ হন এবং মোট চারজনকে আটক করা হয়। ১৬ জুন বিকেলে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সম্প্রতি এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের অবস্থান সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ওসি জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে আমির নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে আরও তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— আমির, রুবেল, আরিফ হোসেন জয় ও আবুল কাসেম। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হলে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। পরে আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram