জাতীয়

কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম

কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজের দাম আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

১৬ জুন সকালে মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বাজার পরিদর্শনের সময় তিনি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে পণ্যের সরবরাহ, মজুত ও বিক্রয় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বাজারে উপস্থিত ক্রেতাদের কাছ থেকেও পণ্যমূল্যের বর্তমান অবস্থা সম্পর্কে মতামত নেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার নিয়মিত বাজার তদারকি করছে। এর ধারাবাহিকতায় তিনি সম্প্রতি কারওয়ান বাজার এবং মঙ্গলবার আরও দুটি বাজার পরিদর্শন করেন। এসব বাজারে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টির প্রতিফলন দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সাধারণ মানুষের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের ন্যায্য মুনাফার সুযোগ থাকলেও অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করা যাবে না।

মো. শরীফুল আলম জানান, বর্তমানে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং বাজারে সরবরাহও পর্যাপ্ত। বিক্রেতারাও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম | ২৪ঘণ্টা