জাতীয়

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট

৬ ডিসেম্বর, ২০২৬ এ ৬:০২ AM
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট

২৪ঘণ্টা অনলাইন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে উৎপাদনে আসতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

১২ জুন রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ইউনিট চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

বিদ্যুৎমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের কারণে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। এ বিষয়ে বিদ্যমান চুক্তিগুলো আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়লেও বিতরণ ব্যবস্থার উন্নয়ন সেই হারে হয়নি। ফলে উৎপাদন পর্যাপ্ত থাকলেও অনেক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।

মন্ত্রী আরও বলেন, অতীতে বিদ্যুৎ খাতে ব্যাপক সম্প্রসারণ হলেও উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। বিশেষ করে অপরিকল্পিত বিতরণ নেটওয়ার্কের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিচ্ছে।

এ সময় বিতরণ ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ আরও কার্যকর করার বিষয়ে পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট | ২৪ঘণ্টা