বিনোদন

তিন বছর পর পর্দায় ফিরছেন বিন্দু

৭ আগস্ট, ২০২৬ এ ৪:৩৬ AM
তিন বছর পর পর্দায় ফিরছেন বিন্দু

২৪ঘন্টা অনলাইন: দীর্ঘ তিন বছর পর নতুন কাজ নিয়ে দর্শকের সামনে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’।

৮ জুন প্রকাশিত হয়েছে সিরিজটির টিজার। নির্মাতা সালেহ সোবহান অনিম পরিচালিত এই সিরিজে সাংবাদিকতার অন্তরালের নানা রহস্য, ষড়যন্ত্র এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন উঠে আসবে।

টিজারে দেখা যায়, একটি গুরুত্বপূর্ণ সংবাদের পেছনে ছুটে চলা সাংবাদিকদের জীবন, অনুসন্ধানী প্রতিবেদনের জটিলতা এবং এর সঙ্গে জড়িয়ে থাকা নানা ঘটনা। গল্পের কেন্দ্রে রয়েছেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও একজন তরুণ প্রতিবেদক। চরিত্র দুটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান।

সিরিজে বিন্দুকে দেখা যাবে ‘আইরিন’ চরিত্রে। তাকে উপস্থাপন করা হয়েছে একজন ‘সমস্যা সমাধানকারী’ হিসেবে, যার উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করবে।

এছাড়া সিরিজটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন, শ্যামল মাওলা, ফারহানা হামিদ, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।

প্রসঙ্গত, প্রায় এক দশকের বিরতি শেষে ২০২৩ সালে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’-এর মাধ্যমে অভিনয়ে ফিরেছিলেন বিন্দু। এরপর আবারও দীর্ঘ বিরতিতে চলে যান তিনি। অবশেষে ‘হেডলাইন’ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটছে।

সিরিজটি নিয়ে নির্মাতা সালেহ সোবহান অনিম বলেন, “নানান অস্থিরতার সময়ে দর্শকদের জন্য একটু স্বস্তির গল্প বলার চেষ্টা করেছি। ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক নাটক, যেখানে সম্পর্ক, সংকট ও মানবিক আবেগ সমান গুরুত্ব পেয়েছে।”

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তিন বছর পর পর্দায় ফিরছেন বিন্দু | ২৪ঘণ্টা